© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

শেয়ার করুন:
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৯ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল নাহিদুলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক ফতেহ মো. ইফতেখারুল ইসলাম।

ওই আবেদনে বলা হয়, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৯ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শুক্রবার ডিবি পুুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাপ্তাহিক ছুটির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আদালত বন্ধ ছিল। আসামিকে কারাগারে পাঠানোর জন্য কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) ইস্যু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করে তাঁকে কারাগারে পাঠানো প্রয়োজন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকাকালে ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। ওই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তিনি। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

গত ২৮ জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা পাবেন।

ইউটি/টিএ





মন্তব্য করুন