© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বৃষ্টি বাড়তে পারে

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বৃষ্টি বাড়তে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আগামীকাল বুধবার সন্ধ্যার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে সারা দেশেই বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ৪ বা ৫ অক্টোবর পর্যন্ত।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘মূলত পূবালী ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণের ফলে এরকম বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বছরের এ সময়টায় এ ধরনের বজ্রসহ বৃষ্টি অস্বাভাবিক নয়। এ ছাড়া বুধবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবেও পূর্ব দিক থেকে কিছু মেঘ আসতে পারে।

ফলে বুধবার থেকে গোটা দেশেই বৃষ্টি বাড়তে পারে। আগামী ৫ অক্টোবরের পর থেকে আবার বৃষ্টি কমতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ বিকেলে তুমুল বর্ষণ হলেও সন্ধ্যা পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলই ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ১১টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে এ সময়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়, ৬৮ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে ৩৯ মিলিমিটার ও বগুড়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি অনেকটাই বাড়তে পারে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি। তবে আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকায় সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। 

কেএন/টিএ


মন্তব্য করুন