© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি বার্সা কোচ হান্সি ফ্লিকের

শেয়ার করুন:
লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি বার্সা কোচ হান্সি ফ্লিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ১৯ অক্টোবর, ২০২৫
জিরোনার বিপক্ষে ম‍্যাচের যোগ করা সময়ে যে দুই ইঙ্গিতপূর্ণ কাণ্ডের জন‍্য দুটি হলুদ কার্ড দেখেন, সেগুলোর একটাও রেফারিকে লক্ষ‍্য করে ছিল না বলে দাবি করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

লা লিগার ম‍্যাচে শনিবার জিরোনার বিপক্ষে ২-১ গোলে জেতে বার্সেলোনা। প্রথমার্ধে পেদ্রির দারুণ গোলে তারা এগিয়ে যাওয়ার পর বাইসাইকেল কিকে সমতা ফেরান অ্যালেক্স উইটসেল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা রোনাল্দ আরাউহো।

যোগ করা সময়ের প্রথম মিনিটের খেলা চলছিল তখন। দেখে মনে হয়, রেফারি হেসুস গিল মানসানোকে ‘উপহাস করে’ হাততালি দেওয়ার ভঙ্গি করেন ফ্লিক। তখন এগিয়ে গিয়ে টাচ লাইনে দাঁড়ানো কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। তাতে হাত ছুঁড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান বার্সেলোনা কোচ। এরপরই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।



কয়েক সেকেন্ডের মধ‍্যে দুটি হলুদ কার্ড দেখে হতবাক ফ্লিক এগিয়ে গিয়ে চতুর্থ রেফারিকে কিছু একটা বলেন। তিনি হাতের ইশারায় ফ্লিককে চলে যেতে বলেন। মাঠে গিল মানসানোর ঠিক পেছনেই ছিলেন ফ্রেংকি ডি ইয়ং। তিনি এগিয়ে গিয়ে কিছু একটা বলেন রেফারির সঙ্গে। তবে তার কথায় পাত্তা দেননি রেফারি।

কয়েক সেকেন্ডের মধ‍্যে ঘটে যাওয়া সেই ঘটনার ব‍্যাখ‍্যা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেন ফ্লিক।

“ফ্রেংকি সেখানে ছিল এবং (হাততালি দেওয়ার সময়) তাকে বলেছিলাম, ‘ঠিক আছে চালিয়ে যাও ফ্রেংকি।’ এটা কারও বিরুদ্ধে ছিল না। হয়তো এটা আমাদের খেলা বা আমাদের পারফরম্যান্সের প্রতিক্রিয়া ছিল। আমি কখনো কারও বিরুদ্ধে যাই না। আমার কাছে, এটাই ফুটবল, এটা আবেগ।”

রেফারিকে নিয়েও আমি কিছু বলিনি। এটা তার সিদ্ধান্ত, আমি মেনে নিয়েছি। হাততালি দেওয়া তার বিরুদ্ধে ছিল না। আমি তাকে কিছু বলার চেষ্টা করেছিলাম; কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলেননি। এমনটাই ঘটেছে, ঠিক আছে। তিনি নিজের কাজ করেছেন, আমি মেনে নিয়েছি। তিনি রেফারি।”

লাল কার্ড দেখায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার বার্সেলোনার পরের ম‍্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ফ্লিক।

এমআর/এসএন  

মন্তব্য করুন