© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি প্রতিপক্ষ দেখেই ম্যাচ ছাড়লেন ইরানি টেনিস প্লেয়ার

শেয়ার করুন:
ইসরায়েলি প্রতিপক্ষ দেখেই ম্যাচ ছাড়লেন ইরানি টেনিস প্লেয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই তুরস্কের একটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের টেনিস খেলোয়াড় আলি ইয়াজদানি। এই খেলোয়াড় ‘ইসরায়েলি কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলতে আগ্রহী নন বলে জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইয়াজদানি ও তার রুশ ডাবলস সঙ্গী ইগর খোচেনকভের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের টিম ভাইসমান ও তার অস্ট্রিয়ান সঙ্গী থিলো বেরম্যানের। তবে ইয়াজদানি এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন।

নিজের এই সিদ্ধান্তের বিষয়ে ইয়াজদানি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইয়াজদানি ও তার সঙ্গী ডাবলস শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিলেন।



এই সিদ্ধান্তের ফলে ইয়াজদানি ও তার সঙ্গী টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। অন্যদিকে অস্ট্রিয়ান-ইসরায়েলি জুটি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই (ওয়াকওভার পেয়ে) সেমিফাইনালে পৌঁছে যায়, যেখানে তারা ৬-৩, ৭-৫ সেটে পরাজিত হয়।দীর্ঘদিন ধরেই ইরানি ক্রীড়াবিদরা বিভিন্ন প্রতিযোগিতায় ইসরায়েলি খেলোয়াড়দের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ফলে অনেক সময় তাদের টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে অথবা তারা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

২০২৩ সালে পোডিয়ামে এক ইসরায়েলি ক্রীড়াবিদকে অভিবাদন জানানোর অপরাধে অভিজ্ঞ ভারোত্তোলক মোস্তফা রাজাইকে আজীবনের জন্য খেলাধুলা থেকে নিষিদ্ধ করে ইরান। একই সঙ্গে তারা একটি ক্রীড়া কমিটিও বিলুপ্ত করে দেয়।

একেএস

মন্তব্য করুন