© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিনিসিউস ও এমবাপেকে আটকে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা কোচ

শেয়ার করুন:
ভিনিসিউস ও এমবাপেকে আটকে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে চলছে শেষ ধাপের প্রস্তুতি। প্রতিপক্ষকে আটকানোর পরিকল্পনা আঁটছে দুই দল। গত মৌসুমের চার ক্লাসিকোর সবগুলোতে জয়ী বার্সেলোনা এবারও দারুণ আত্মবিশ্বাসী। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের মূল দু্ই অস্ত্র ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে সামলানোর ব্যাপারে কার্যকর পরিকল্পনা রপ্ত করেছে তারা, দাবি দলটির সহকারী কোচ মার্কুস জর্গের।   

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে লা লিগার ম্যাচটি।  

খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেই অবশ্য টেকনিক্যালি কিছুটা ব্যাকফুটে বার্সেলোনা; কারণ গত সপ্তাহে জিরোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে শেষ সময়ে দুটি হলুদ কার্ড দেখায় আসছে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।  



নিয়ম অনুয়ায়ী, আগের দিনের সংবাদ সম্মেলনেও আসতে পারেননি তিনি। দলটির সহকারী কোচ জর্গ অবশ্য ছোট ছোট উত্তরে ক্লাসিকোয় জয়ের ধারা ধরে রাখার আশার কথা শোনালেন। 

“আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।”

রিয়ালের তারকা ফরোয়ার্ড এমবাপে চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছে। গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার ভিনিসিউস চলতি মৌসুমে কিছুটা ভুগলেও, নিজের দিনে একাই ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন। বিষয়টি খুব ভালো করেই জানেন জর্গ। তবে তার দল প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারবে বলেই বিশ্বাস এই জার্মান কোচের।  

“আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিউস ও এমবাপের জন্য।”

লা লিগায় ৯ রাউন্ড শেষে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

এমআর/টিকে 

মন্তব্য করুন