© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপিদের পদায়ন নয় : প্রেসসচিব

শেয়ার করুন:
নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় ডিসি-এসপিদের পদায়ন নয় : প্রেসসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৭ পিএম | ২৯ অক্টোবর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা আসার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে ব্রিফিং করেন প্রেসসচিব। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে চেষ্টা করা হবে।

প্রেস সচিব বলেন, ‘মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না; যিনি গত তিনটি নির্বাচনি কাজে যুক্ত ছিলেন। ন্যূনতম ভূমিকা থাকলেও তাকে এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না।’

প্রেস সচিব জানান, পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, শারীরিক যোগ্যতা, কর্মদক্ষতা, গণমাধ্যমে অনিয়মের প্রতিবেদন হয়েছে কিনা- তা দেখা হবে।

শফিকুল বলেন, সবচেয়ে ফিট কর্মকর্তাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পদায়ন করা হবে। তবে নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় কাউকে পদায়ন করা হবে না। তাদের কোনো আত্মীয়স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা-পদায়নের ক্ষেত্রে সে বিষয়েও লক্ষ রাখা হবে। আগামী ১ নভেম্বর এগুলো শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাও সভায় জানিয়েছেন যে পুলিশের পদায়নের বিষয়েও একইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ৬৪ জেলার এসপিদের তালিকা করা হয়েছে, উল্লেখ করেন প্রেস সচিব।

ইউটি/টিএ


মন্তব্য করুন