পার্কে টিকটক ভিডিও বানাতে খেলনা বন্দুক হাতে ‘মহড়া’, আটক দুই তরুণ
ছবি: সংগৃহীত
০২:৪৩ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে খেলনা বন্দুক হাতে পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে অস্ত্র তাক করে ‘মহড়া’ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা বন্দুক।
আটক দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। দুজনেরই বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। ইয়াসিনের বাবা স্বপন মোল্লা।
পুলিশ বলছে, ভিডিওতে দেখা বন্দুক দুটি আসল নয়, খেলনা। তবে প্রকাশ্যে সেগুলো হাতে নিয়ে পথচারীদের দিকে তাক করায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে। ভিডিওতে থাকা দুই যুবককেও আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই তরুণ জানিয়েছেন, টিকটকের ভিডিও বানানোর জন্য খেলনা বন্দুক নিয়ে তারা ওই কর্মকাণ্ড করেন।
লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। পুলিশ জানিয়েছে, তিনি প্রায় সাত বছর ধরে টিকটক করেন। আর ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর পড়াশোনা বন্ধ করেন। তিনি প্রায় দুই বছর ধরে টিকটক করছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। তাদের হাতে ছিল লম্বা বন্দুকসদৃশ অস্ত্র। একপর্যায়ে তারা পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে সেগুলো তাক করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে প্রকাশ্যে আতঙ্ক তৈরির চেষ্টা হিসেবে দেখেন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। এরপর লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, ভিডিও ধারণের স্থানটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন। আটক দুই তরুণের কর্মকাণ্ডের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে।
এসএন