© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের বিপক্ষে খেলতে উইঙ্গার ও আবনীতকে ক্যাম্পে ডাকল ভারত

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে খেলতে উইঙ্গার ও আবনীতকে ক্যাম্পে ডাকল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ এএম | ০৭ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্যাম্প শুরু করেছে ভারত। দলের ক্যাম্পে একাধিক চমক রেখেছে ভারত। সাবেক অস্ট্রেলিয়ান উইঙ্গার রায়ান উইলিয়ামস ও নেপালে জন্ম নেওয়া ডিফেন্ডার আবনীত ভারতীকে ক্যাম্পে ডেকেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ভারতীয় ফুটবল ফেডারেশনের এক সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন। এআইএফএফ সূত্রে জানা গেছে, উইলিয়ামসের দলে অন্তর্ভুক্তি নিয়ে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ বা অনাপত্তিপত্র পাওয়া গেলে কয়েকদিনের মধ্যেই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।




২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে একবার মাঠে নেমেছিলেন উইলিয়ামস। ২০২৩ সালে তিনি পার্থ গ্লোরি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। ভারতীয় দলে খেলার যোগ্যতা পেতে তিনি অস্ট্রেলীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। এক বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়ায় রয়েছেন। তাঁর ভারতের যোগসূত্র আসে মায়ের মাধ্যমে- মুম্বাইয়ে জন্ম নেওয়া এক অ্যাংলো- ইন্ডিয়ান পরিবার থেকে।

অন্যদিকে, আবনীত ভারতীকে ক্যাম্পে ডাকা হয়েছে পরীক্ষামূলকভাবে। এআইএফএফ জানিয়েছে, ক্যাম্পে তাঁর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ। নেপাল ও ভারতের হয়ে খেলার যোগ্য এই সেন্টার- ব্যাক চেক প্রজাতন্ত্রের ক্লাব এফকে ভার্নসডর্ফ থেকে ধারে বর্তমানে খেলছেন বলিভিয়ার ক্লাব একাডেমিয়া দেল বালোম্পিয়ে বলিভিয়ানোতে।

দক্ষিণ আমেরিকায় দীর্ঘদিন পেশাদার ফুটবল খেলে আসা ভারতী ২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে সিঙ্গাপুরের গেলাং ইন্টারন্যাশনাল একাডেমিতে যোগ দিয়েছিলেন।

এআইএফএফের মতে, উইলিয়ামসের গতি ও ফিনিশিং ক্ষমতা এবং ভারতীর ডিফেন্সিভ দক্ষতা বর্তমান দলে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও ভারত এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে, তবু নতুন যোগ্য খেলোয়াড়দের পরীক্ষা করার এটি হতে পারে দারুণ সুযোগ।
আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। 

টিএম/এসএন

মন্তব্য করুন