© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের নির্দেশনা অমান্য করায় ছত্রভঙ্গ করতে বাধ্য হয় ডিএমপি

শেয়ার করুন:
পুলিশের নির্দেশনা অমান্য করায় ছত্রভঙ্গ করতে বাধ্য হয় ডিএমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ০৮ নভেম্বর, ২০২৫
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি দল শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। বিকেল আনুমানিক ৩টার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হন।

আনুমানিক বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে পরে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্ণিত এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

শনিবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইএ/টিকে

মন্তব্য করুন