© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাকাইচির মন্তব্যের পর জাপানের রাষ্ট্রদূতকে তলব চীনের

শেয়ার করুন:
তাকাইচির মন্তব্যের পর জাপানের রাষ্ট্রদূতকে তলব চীনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ১৪ নভেম্বর, ২০২৫
তাইওয়ান নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর জাপানকে কড়া বার্তা দিতে জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। 

শুক্রবার (১৪ নভেম্বর) বেইজিং এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে বলেছিলেন, ‘তাইওয়ানে সশস্ত্র হামলা হলে সমষ্টিগত আত্মরক্ষা নীতির আওতায় জাপান সেখানে সেনা পাঠাতে পারে।’

তাকাইচি আরও বলেন, ‘যদি তাইওয়ানে জাহাজ, সামরিক শক্তি বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার উপ-পররাষ্ট্রমন্ত্রী সানেয়ে ওয়েইডং বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করে তাকাইচির মন্তব্যের বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়েছেন।

 
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, চীনের ঐক্য প্রক্রিয়ায় কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করলে চীন কঠোর জবাব দেবে। চীন বৃহস্পতিবারই জানিয়েছিল, তারা তাকাইচির মন্তব্য কখনও সহ্য করবে না এবং জাপানকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানায়।

তবে তাকাইচি সোমবার সংসদে জানান, তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন না এবং এটি ‘টোকিওর পূর্বের অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’ যদিও তিনি ভবিষ্যতে নির্দিষ্ট পরিস্থিতির উদাহরণ না দেওয়ার কথা বলেন। 

উল্লেখ্য, জাপানের ২০১৫ সালের নিরাপত্তা আইন নির্দিষ্ট পরিস্থিতিতে সমষ্টিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের সুযোগ দেয়, বিশেষত যখন জাপানের অস্তিত্ব ঝুঁকিতে পড়ে।

সূত্র: এএফপি

কেএন/এসএন

মন্তব্য করুন