© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার আগামী ৩ ডিসেম্বর (আবহাওয়া অনুকূল থাকলে) মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় পাঠাবে। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে করে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এই উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৬৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারের বেশি বাড়ি-বাড়িঘর, এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার এবং আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ মানবিক বিপর্যয়ের সময় বাংলাদেশ অতীতেও দ্রুত ত্রাণ ও সহায়তা পাঠিয়েছে।

এমকে/এসএন

মন্তব্য করুন