© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শেয়ার করুন:
৭ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ পিএম | ০২ জানুয়ারি, ২০২৬

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৭ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।


শুক্রবার (২রা জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।


অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড নিয়ে সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে যা সাধারণ মানুষ বিশ্বাস করে না।


আবদুল্লাহ আল জাবের আরও বলেন, "ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। এটি সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ।"


সরকার আগামী ৭ই জানুয়ারি মামলার চার্জশিট দেওয়ার কথা উল্লেখ করেছে। এ প্রসঙ্গে সদস্য সচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি চার্জশিটে শুধু ফয়সাল করিম মাসুদের নাম অন্তর্ভুক্ত করা হয়, তবে তা গ্রহণযোগ্য হবে না। এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারীসহ যাদের হাত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর থেকে সরকার পতনের একদফার আন্দোলন শুরু করা হবে বলে তিনি ঘোষণা দেন।


কেএন/এসএন


মন্তব্য করুন