© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা

শেয়ার করুন:
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার চুক্তি এখনও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চুক্তি দেশের অনুকূলে থাকলে হবে, না হলে হবে না।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কাজ করছে না। এরপরও কাদের স্বার্থে আন্দোলন হচ্ছে, আমি জানি না।

তিনি বলেন, বন্দরে অচলাবস্থা তৈরি করছে বন্দরেরই কর্মচারী। এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। নির্বাচন ও রমজান মাসের আগে আগে এমন কর্মকাণ্ডের ফলে যে ক্ষতি, তার মাশুল কে দেবে, জানা নেই।

এম সাখাওয়াত হোসেন দাবি করেন, বদলির সাথে কর্মচারীদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে বন্দর চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল রয়েছে বন্দর এলাকা। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

এই পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ অস্থিরতা তৈরির অভিযোগে ১৬ জন শ্রমিককে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করেছে। এছাড়া, বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন