অভিনেতা রাজপাল যাদব কারাগারে!
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেন।
পরদিন, ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে হাজির হন। এরপর নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে আদালত ২ ফেব্রুয়ারির এক আদেশে রাজপাল যাদবকে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছিল। তবে তার আইনজীবী আদালতে আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ৫০ লাখ রুপি জোগাড় করা হয়েছে, কিন্তু পুরো অর্থ পরিশোধে কিছুটা অতিরিক্ত সময় প্রয়োজন। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা এই আবেদন খারিজ করে দিয়ে জানান, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত ভিত্তি নেই।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছিল। যদিও সে সময় তিনি জামিনে মুক্তি পান।
পরবর্তীতে ২০২৪ সালের জুনে দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত করে এবং বাদীপক্ষের সঙ্গে সমঝোতার সুযোগ দেওয়ার নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা যায়, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য রাজপাল যাদব এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করতে না পারায় ওই ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।
‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ধামাল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া রাজপাল যাদবের কারাবরণের খবরে ভক্ত ও চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসকে/টিএ