বীরের সঙ্গে ব্রেকআপের গুঞ্জনে মুখ খুললেন তারা
ছবি: সংগৃহীত
০৬:৪২ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড পাড়ায় তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ গুঞ্জন এখন তুঙ্গে। গত ডিসেম্বর থেকে চলা এই জল্পনার মাঝেই অভিনেত্রী শোনালেন মানসিক শান্তির কথা। পরিস্থিতি যাই হোক, জীবনে মানসিক শান্তি বজায় রাখাটাই যে সবচেয়ে জরুরি, অকপটে জানালেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ খ্যাত এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা বলেন, “সাফল্য একেক জনের কাছে একেক রকম। কিন্তু সবাই দিনশেষে মানসিক শান্তি খোঁজে। তাই মানসিক শান্তি ও ভালোবাসার মানুষের সংস্পর্শে থাকার চেয়ে ভালো আর কিছু হয় না।” তিনি আরও জানান, খুব ছোট বয়স থেকে স্পটলাইটে থাকায় তিনি জানেন কীভাবে নিজেকে শান্ত রাখতে হয় এবং স্নায়ু নিয়ন্ত্রণ করতে হয়। বাইরের সমালোচনা তাকে বিচলিত করে না, কারণ তিনি মনে করেন সত্যটা তার কাছের মানুষ জানলেই যথেষ্ট।
গুঞ্জন রয়েছে, বড়দিনে গায়ক এ পি ধিলোঁর কনসার্টে তারার ঘনিষ্ঠতা এবং পরবর্তীতে প্রেমিক বীরের জন্মদিনের পার্টিতে অনুপস্থিতিই এই বিচ্ছেদের কারণ। যদিও তারা বা বীর কেউই মুখ খোলেননি, তবে ‘মানসিক শান্তি’ নিয়ে তারার এই মন্তব্য ব্রেকআপ জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে।
আইকে/টিএ