ছোট পর্দায় দর্শকের মন জয় করেছেন পারুল
ছবি: সংগৃহীত
০৭:০৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ঈশানী চট্টোপাধ্যায়। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন তিনি। আজ দর্শকের কাছে তিনি শুধুই ঈশানী নন, বাঁকুড়ার ন্যাড়া গোয়ালের মেয়ে ‘পারুল’। গ্রাম থেকে শহরে এসে নিজেকে প্রতিষ্ঠা করা হোক বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো—সব ক্ষেত্রেই পারুল নির্ভীক। এমনকি নিজের গায়ের রং নিয়ে কটাক্ষের বিরুদ্ধেও সে নির্দ্বিধায় আওয়াজ তোলে।
পর্দার এই লড়াকু চরিত্রের সঙ্গে বাস্তবের ঈশানীর মিলও কম নয়। বাস্তব জীবনেও তাঁকে গায়ের রং নিয়ে কম কথা শুনতে হয়নি। সম্প্রতি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই অকপটে ভাগ করে নিলেন অভিনেত্রী।

ঈশানী বলেন, “গায়ের রং তো আমি পাল্টাতে পারব না। মেকআপ করা হয় ঠিকই, কিন্তু গায়ের রং নিয়ে শুধু পারুল নয়, ঈশানী চট্টোপাধ্যায়ও কথা বলে। স্কুলে আমাকে নিয়ে এই কারণে মজা করা হত। তখন সত্যিই খুব প্রভাবিত হতাম। কিন্তু এখন আমি আমার গায়ের রং নিয়ে গর্বিত।”
তিনি আরও বলেন, “হ্যাঁ, একটু পিগমেন্টেশন আছে। সেটা কম হলে এই ফিল্ডে কাজ করতে সুবিধা হতো, মেকআপও কম লাগত। কিন্তু কালো বলেই বেশি মেকআপ দিতে হবে—এই ধারণায় আমি বিশ্বাস করি না। আমি যেমন আছি, ঠিক তেমনভাবেই ভালো আছি। দর্শকরাও কখনও বলেননি পারুল কেন ফর্সা নয়। ওঁরা আমাকে এভাবেই গ্রহণ করেছেন।”
ঈশানীর জীবনসংগ্রামের গল্পও অনেকটা পারুলের মতোই। দুর্গাপুরের মেয়ে ঈশানী পড়াশোনার জন্যই কলকাতায় আসেন। ছোটবেলায় অভাব-অনটনের মধ্য দিয়েই কেটেছে তাঁর জীবন। মা ও মেয়ের স্বপ্ন ছিল তিনি চিকিৎসক হবেন। সেই লক্ষ্যেই কলকাতায় মাইক্রোবায়োলজি পড়তে এসেছিলেন। তবে চিকিৎসক হওয়া হয়নি তাঁর। ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় অভিনয়ের সুযোগ।
আজ তিনি দর্শকের ঘরের মেয়ে পারুল। পারুল-রায়ান জুটির জনপ্রিয়তা টিআরপি তালিকাতেই স্পষ্ট। এই সপ্তাহেও ‘পরিণীতা’ রয়েছে সেরার সেরা জায়গায়—যা প্রমাণ করে, আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত হয়ে ওঠে আসল পরিচয়।
এবি/টিএ
এবি/টিএ