আবারও পেছাল অক্ষয়ের বহুল প্রতীক্ষিত সিনেমার মুক্তি
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর অক্ষয় কুমারকে আবারও হরর কমেডিতে দেখার প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। গত বছর থেকেই আলোচনায় থাকা ছবি ‘ভূত বাংলা’র মুক্তি নিয়ে উত্তেজনার কমতি নেই। চলতি বছরের শুরুতে নির্মাতারা ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মে মাসে বড় পর্দায় আসবে ছবিটি। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বদল আনলেন তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মে নয়-এপ্রিলেই মুক্তি পাবে ‘ভূত বাংলা’।
নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে অক্ষয় কুমারের এই বহু প্রতীক্ষিত ছবি।
মুক্তির নতুন তারিখ জানাতে অক্ষয় কুমার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেন একটি মজার টিজার ভিডিও। সেখানে দেখা যায়, একটি কালো বিড়াল মে মাসের ক্যালেন্ডারে আঁচড় কেটে তা নষ্ট করে দিচ্ছে।
এরপর এপ্রিল মাসের পাতা মাটিতে পড়ে যায়, যার ওপর দুধ ঢালা থাকে। বিড়ালটি দুধ চেটে পরিষ্কার করার পর স্পষ্ট হয়ে ওঠে ১০ এপ্রিল তারিখটি। ইঙ্গিত স্পষ্ট-এই দিনই মুক্তি পাচ্ছে ‘ভূত বাংলা’।
শুধু অক্ষয় কুমার নন, ছবির প্রযোজক একতা কাপুরও মুক্তির দিন ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
তিনি লেখেন, “নাগিনের পর এবার ভূত-খুব শিগগিরই দরজা খুলতে চলেছে। ১৫ বছরের অপেক্ষার পর আবার এই জুটি।”
কেন বদলানো হলো মুক্তির তারিখ?
মুক্তির তারিখ পরিবর্তন নিয়ে নির্মাতারা এক বিবৃতিতে জানান, বক্স অফিসে অতিরিক্ত ছবির ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।
তাঁদের মতে, প্রতিটি সিনেমার সঠিক সময়ে মুক্তি পাওয়া জরুরি, যাতে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি হয় এবং ব্যবসায়িক দিক থেকেও ছবিটি সাফল্য পায়।
বালাজি টেলিফিল্মস লিমিটেডের ব্যানারে বালাজি মোশন পিকচার্স ও কেপ অফ গুড ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ভূত বাংলা’ ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।
পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা প্রিয়দর্শন।
ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জিশু সেনগুপ্ত, আসরানি ও ওয়ামিকা গাব্বি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমআই/টিএ