বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার দিকে উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের কয়েকজনের পরিচয় পাওয়অ গেছে। তারা হলেন- জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজী (৫৮)।
স্থানীয়রা জানায়, এদের মধ্যে জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জামায়াত কর্মীরা জানায়, রোববার সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় জামায়াতের নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের হেনস্থা করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপি নেতা রুহুল ও তার ভাই সোহেলের নেতৃত্বে হামলা চালায়। এতে জামায়াতের ২০ থেকে ২৫জন নেতাকর্মী আহত হন।
বিএনপির কর্মীরা জানায়, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কিনছিল- এ অভিযোগ পেয়ে এলাকাবাসীর সাথে জামায়াতের নারী কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। পরে জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে।
স্থানীয়রা জানায়, জামায়াতের কয়েজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারের কাজে গেলে বিএনপির সমর্থকরা টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করে। এ সময় খবর পেয়ে প্রচারের অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৩০ জন আহত হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিএ