এবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
কিছুদিন আগেই নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সেসময় ঘোষিত কমিটিটি থেকে থেকে সরে দাঁড়ান চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান এবং চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির।
এবার বোর্ডে সেই দুইজনের পরিবর্তে স্থলাভিষিক্ত হয়েছেন গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল।
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব এবং সদস্যসচিব হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
নবগঠিত সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ, রফিকুল আনোয়ার রাসেল, কাজী নওশাবা আহমেদ, তাসমিয়া আফরিনসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও চলচ্চিত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।
সার্টিফিকেশন বোর্ডের এক সদস্য জানান, আজ থেকে সিনেমা দেখা শুরু করেছে বোর্ড।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার।
এমআই/এসএন