আজ অভিনেত্রী শাহনূরের জন্মদিন
ছবি: সংগৃহীত
১১:৩৭ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর। ‘ফাঁসির আদেশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘জিদ্দি সন্তান’। ২০০০ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তার নায়ক ছিলেন রুবেল। এরপর দুই যুগের ক্যারিয়ারে ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পীর বাইরেও সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত।

আজ এ অভিনেত্রীর জন্মদিন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়। প্রতি বছর চেষ্টা করেন দেশে তার জন্মদিন পালন করতে। এদিন এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি কোরআন খতম, মিলাদ এ দোয়া করা হয়। এ ছাড়া থাকে ঘরোয়া আয়োজন। তবে এবারের জন্মদিন দেশের বাইরে কীভাবে উদযাপন করবেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।
এর আগে এতিমদের সঙ্গে জন্মদিন পালন প্রসঙ্গে শাহনূর বলেছিলেন, ‘এই ছোট্ট সোনামণিরা কিন্তু পরিবারকে পায় না, আনন্দ উল্লাস করতে পারে না, তাই এই দিনটিতে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার আর সেটি করে আসছি বহু বছর ধরে।’ এক সাক্ষাৎকারে শাহনূর জানান, পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে তার। এ ছাড়া দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।
পিআর/টিকে