টেডি বিয়ার নিয়ে খেলেন সানি দেওল!
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। পর্দায় শত্রুদের সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়া সেই দুর্ধর্ষ নায়কই কি না বাস্তবে একাবারে অন্যরকম?
সম্প্রতি নেট দুনিয়ায় সানি দেওলের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যা পড়ে রীতিমতো থমকে গিয়েছেন তার ভক্তরা। পর্দার কঠিন মানুষটির হৃদয়ের এক কোণে যে কতটা শিশুসুলভ আবেগ লুকিয়ে আছে, তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সানি দেওল নিজেই খোলসা করেছেন যে, তার এক অদ্ভুত নেশা আছে। আর সেই নেশাটি হল ‘টেডি বিয়ার’ জমানো। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সানি জানিয়েছেন, তিনি টেডি বিয়ার সংগ্রহ করতে ভীষণ ভালোবাসেন। তার সংগ্রহে রয়েছে অগুনতি ছোট-বড় বাহারি সব সফট টয়।

এই বিষয়টিকে তিনি মোটেও কোনো লজ্জার বিষয় বলে মনে করেন না। বরং অত্যন্ত গর্বের সঙ্গে সানি বলেন, “আমি টেডি বিয়ার খুব পছন্দ করি। এরা খুব নরম আর দেখতেও ভীষণ মিষ্টি। আমি যখনই সুযোগ পাই বা কোথাও ঘুরতে যাই, সুন্দর কোনও টেডি দেখলেই সেটা নিজের জন্য কিনে আনি।”
তিনি আরও বলেন, মানুষের মনে হতেই পারে আমার মতো একজন গম্ভীর মানুষের পছন্দ এমন কেন? আসলে এগুলোকে দেখলেই মন ভালো হয়ে যায়।’
আরও জানা যায়, সানির বাড়ির একটি নির্দিষ্ট অংশ জুড়ে শুধুই এই সফট টয়ের সাম্রাজ্য। তার এই অভ্যাসের কথা ইন্ডাস্ট্রির খুব কাছের কিছু মানুষ আগে থেকেই জানতেন। তবে অনুরাগীদের কাছে সানির এই ‘কিউট’ রূপটি একেবারেই নতুন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘গদর ২’। ছবিটি দর্শক মহলে ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে এই সিনেমাটি।
এবি/টিএ
এবি/টিএ