শিশুশিল্পী থেকে নায়িকা, জোয়া আফরোজের নতুন উত্থান!
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’ এ বেবি রাধিকা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন জোয়া আফরোজ। ‘মান’ ও ‘কুছ না কাহো’র মতো জনপ্রিয় ছবিতেও পরে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ‘তস্করি: দ্য স্মাগলারস’ এ ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসে এই অভিনেত্রী।
মাত্র চার বছর বয়সে ‘কোরা কাগজ’ নাটক দিয়ে জোয়ার অভিনয়যাত্রা শুরু। তবে ১৯৯৯ সালের পারিবারিক ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ছবিতে সালমান খান, সাইফ আলি খান ও কারিশমা কাপুরের সঙ্গে শিশু শিল্পী হিসেবে তার উপস্থিতি দর্শকের মনে দাগ কাটে।
হাম সাথ সাথ হ্যায়’ এ বেবি রাধিকা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন জোয়া আফরোজ
একই বছরে ‘মান’ ছবিতে আমির খান ও মণীষা কৈরালার সঙ্গেও দেখা যায় তাকে। পরে ‘কুছ না কাহো’ ছবিতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিনয় করে নিজের পরিচিতি আরও শক্ত করেন জোয়া। একের পর এক জনপ্রিয় ছবির মাধ্যমে তিনি হয়ে ওঠেন নিজের প্রজন্মের অন্যতম পরিচিত শিশু অভিনেত্রী।
সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি জোয়া পা রাখেন মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতে। ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হন তিনি। এরপর ২০২১ সালে ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব জয় করে ভারতের প্রতিনিধিত্ব করেন জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায়। এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস ও বহুমুখী প্রতিভারই প্রমাণ।
২০২১ সালে ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব জয় করেন তিনি

এরপর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করতে থাকেন জোয়া। ‘দ্য এক্সপোজ’ ছবিতে হিমেশ রেশমিয়ার বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমার পাশাপাশি গানের ভিডিওতে কাজ করে নিজেকে নতুনভাবে তুলে ধরেন।
তবে তার অভিনয় জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে নীরজ পাণ্ডে পরিচালিত ওয়েব সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলারস’র মাধ্যমে। আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিরুদ্ধে লড়াই করা ভারতীয় শুল্ক বিভাগের গল্পে ‘প্রিয়া’ চরিত্রে জোয়ার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। শুধু ভারতীয় দর্শকই নয়, এই সিরিজে তার অভিনয় বিশ্বজুড়ে দর্শকের নজর কাড়ে। আর সেই জনপ্রিয়তার ফলেই আজ তার নাম উঠে এসেছে সর্বাধিক আলোচিত তারকাদের তালিকায়।
‘তস্করি: দ্য স্মাগলারস’ এ ‘প্রিয়া’ চরিত্রে অভিনয় করেন

‘তস্করি: দ্য স্মাগলারস’ এ নিজের চরিত্র ‘প্রিয়া’ নিয়ে কথা বলতে গিয়ে জোয়া জানান, ‘এই সিরিজ তাকে অভিনেত্রী হিসেবে নতুনভাবে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। তার মতে, প্রিয়া শুধু গল্প এগিয়ে নেয়া কোনো চরিত্র নয়, তার নিজস্ব একটি যাত্রা আছে। সেই জার্নিই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।’
এমকে/টিকে