© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের মাঝে সাফার ‘চিল’ ছবি ঘিরে কৌতূহল

শেয়ার করুন:
প্রীতম-শেহতাজের বিচ্ছেদের মাঝে সাফার ‘চিল’ ছবি ঘিরে কৌতূহল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিনোদন অঙ্গন সবখানেই চলছে নানা আলোচনা, সমালোচনা ও ট্রল, ঠিক সেই সময়েই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির। 

কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং তার একেবারে ‘চিল’ মুডের ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল। সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ে কিংবা পরবর্তী ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়। 

সেই তারকাদের অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। এর মধ্যে প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তবে সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের ইতি টেনেছেন প্রীতম-শেহতাজ। আর তাদের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পরই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে সাফার নাম।

এর পেছনে বড় কারণ, সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, চারপাশের সবাই যখন বিয়ে করছেন, কেউ কেউ আবার বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সাফা নিজের মতোই আছেন ‘চিল’ মুডে।

এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন সাফা।


সেখানে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায় তাকে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। হাতে রয়েছে জুসের গ্লাস। সামনে রাখা ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।

ছবির ব্যাকগ্রাউন্ডে নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো দৃশ্যটিকে দিয়েছে বিলাসী ও স্বস্তিদায়ক আবহ। এর সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের আলোচিত গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে পোস্টটিতে নিজের নির্ভার সময় কাটানোর ছবিই তুলে ধরেছেন তিনি।

সাফার এই পোস্ট প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয় নতুন আলোচনা। কেউ তার এই স্বস্তির মুহূর্তকে নিছক মজার পোস্ট হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একের পর এক তারকার বিয়ে, সম্পর্ক ও বিচ্ছেদের খবর ঘুরছে, তখন সাফার এমন পোস্ট যেন সেই আলোচনার ভিড়ে আলাদা এক স্বস্তির ছবি। যদিও নিজের পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তাই নেটিজেনদের তৈরি করা এই আলোচনা আপাতত তাদের কৌতূহলেই সীমাবদ্ধ।

এসএ/টিএ

মন্তব্য করুন