দীর্ঘ বিরতির পর আবারও সরব জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ!
ছবি: সংগৃহীত
০৭:৪৯ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের সুরের জগতে চার দশকের ও বেশি সময় ধরে জাদু ছড়িয়ে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তবে গত তিন বছর ধরে ব্যক্তিগত জীবনে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই সংগীতশিল্পীকে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। দীর্ঘদিন কানাডার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিবিড় রয়েছেন মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে। এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়

ছেলেকে সুস্থ করে তোলার লড়াইয়ে গান থেকে অনেকটা দূরে সরে যান কুমার বিশ্বজিৎ। দেশ ছেড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ছেলের পাশে থেকেছেন। সন্তানের মুখে আবার ‘বাবা’ ডাক শোনার অপেক্ষায় এই সংগীতশিল্পী।
তবে গত বছর থেকে কানাডায় নিয়মিত বিভিন্ন কনসার্টে গান গাইতে দেখা গেছে তাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মঞ্চেও পারফর্ম করেছেন। যদিও দেশে তার উপস্থিতি খুবই কম।
অল্প সময়ের জন্য একবার বাংলাদেশে এলেও আবার ফিরে যান কানাডায়। সেখান থেকেই চট্টগ্রামের ব্যবসা পরিচালনার পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।
এবার ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে ফিরছে কুমার বিশ্বজিতের চমক। আগামী ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে এককভাবে মঞ্চে পারফর্ম করবেন কুমার বিশ্বজিৎ।
‘শ্রোতারাও আমার পরিবারের অংশ’
কনসার্ট প্রসঙ্গে কুমার বিশ্বজিতের পক্ষ থেকেও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গান নিয়ে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, ‘শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে গান শুরু করেছি।’
উল্লেখ্য, ১৯৮২ সালে 'তোরে পুতুলের মতো করে সাজিয়ে' গানটির মাধ্যমে সঙ্গীতজীবন শুরু করলেও এর আগে থেকেই তিনি গান করছেন। তিনি দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে আধুনিক ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আসছেন।
এমকে/টিকে