নির্বাচনে জিতলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাই হবে অগ্রাধিকার: এএফপিকে তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৯:১৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হলে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকেই সবার আগে প্রাধান্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের অভ্যুত্থানে সাবেক সরকারের পতনের পর সৃষ্ট অস্থিরতা কাটাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে তাঁর প্রথম কাজ। তারেক রহমান বলেন, 'আমাদের দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা দরকার, যাতে মানুষ নিরাপদ থাকে।'
নির্বাচিত হলে কাজের তালিকায় দেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা মোকাবিলা সবার ওপরে থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও জ্বালানি খাত ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, 'মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। গুটিকয়েক ব্যক্তি ধনী হলেও পুরো জনগোষ্ঠী নিঃস্ব হয়েছে।' সংকট মোকাবিলায় ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন তিনি।
দেশ পরিচালনার সুযোগ পেলে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার চেয়েও ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, 'আমি তাঁদের চেয়ে ভালো করার চেষ্টা করব।' নির্বাচনে বিএনপির বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান আশা প্রকাশ করেন, জনগণ তাঁদের স্পষ্ট ও বড় ম্যান্ডেট দেবে। সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাওয়ার আশা থাকায় বর্তমান জোটের বাইরে নতুন কোনো জোটের প্রয়োজন দেখছেন না তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, 'জনগণের স্বার্থ এবং আমার দেশের স্বার্থই সবার আগে।' এ সময় তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দেন, তবে অপরাধে জড়িতদের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার কথা বলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
কেএন/টিকে