‘দৃশ্যম ৩’ ঘিরে নতুন জল্পনা, মুখ খুললেন প্রকাশ রাজ!
ছবি: সংগৃহীত
১১:৪৯ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের বহুল জনপ্রিয় রহস্যধর্মী সিনেমা ধারাবাহিক ‘দৃশ্যম ৩’ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজকে ঘিরে। অক্ষয় খান্না ছবি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই দর্শকের মনে প্রশ্ন ছিল, তার চরিত্রে কাকে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ রাজ এই সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন এই অভিজ্ঞ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ রাজ জানান, তিনি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করেছেন এবং ছবির দল ও নিজের চরিত্র—দুটিই তার কাছে দারুণ লেগেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে লিখেছেন, তিনি কাউকে সরিয়ে কারও জায়গায় আসেননি। তবে ঠিক কোন চরিত্রে তাকে দেখা যাবে, সে বিষয়ে কিছু খোলাসা করেননি তিনি। তার এই মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, অক্ষয় খান্নার ছেড়ে যাওয়া চরিত্রে নয়, বরং ভিন্ন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রকাশ রাজকে।

এর আগে এই ধারাবাহিকে আরেক অভিনেতা জয়দীপ আহলাওয়াত যুক্ত হওয়ার পরও একই ধরনের জল্পনা তৈরি হয়েছিল। ফলে ‘দৃশ্যম ৩’-এর অভিনয়শিল্পীদের তালিকা ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
চলতি বছরের ২ অক্টোবর বড় পর্দায় মুক্তির কথা রয়েছে ‘দৃশ্যম ৩’-এর। তবে সিনেমাটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর অক্ষয় খান্নার হঠাৎ সরে দাঁড়ানো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার আইনি টানাপোড়েনের খবরও প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে পারিশ্রমিক ও চিত্রনাট্য সংক্রান্ত মতভেদের কথা শোনা গেলেও পরে জানা যায়, চরিত্রে পরচুলা ব্যবহারের প্রসঙ্গেও নির্মাতাদের সঙ্গে অক্ষয়ের মতানৈক্য তৈরি হয়। আগের কিস্তিগুলোতে তিনি পরচুলা ব্যবহার না করায় ধারাবাহিকতার স্বার্থে নির্মাতারা সেটি রাখতে চাননি। সেই বিরোধের জেরেই শেষ পর্যন্ত তিনি ছবি থেকে সরে দাঁড়ান বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এই পরিস্থিতিতে প্রকাশ রাজের সংযোজন নতুন মাত্রা যোগ করেছে ‘দৃশ্যম ৩’-এর কাস্টিং আলোচনায়। যদিও তিনি নিজেই স্পষ্ট করেছেন, কারও জায়গা দখল করতে নয়, বরং নতুন একটি চরিত্র নিয়েই আসছেন তিনি। ফলে রহস্য আরও কিছুদিন বজায় থাকছেই।
এমকে/টিকে