প্রেমের মাসে দূরত্ব বাড়ছে অঙ্গনা রায়-রোহন ভট্টাচার্যের মধ্যে?
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেমের মাসে দূরত্বের গুঞ্জন, আর সেই গুঞ্জন ঘিরেই আলোচনার কেন্দ্রে অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। বিদেশ সফর থেকে ফিরেই আবার শহর ছাড়ার প্রস্তুতি, সমাজমাধ্যমে একসঙ্গে ছবি না থাকা, অনুষ্ঠানে আলাদা আলাদা উপস্থিতি সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল, সম্পর্ক কি তবে শীতল হয়ে এসেছে? তবে এই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিলেন দুই অভিনেতাই।
ভিয়েতনাম সফরে মা বাবার সঙ্গে অঙ্গনার একাধিক ছবি সামনে এলেও কোথাও দেখা যায়নি রোহনকে। আবার এক বিশেষ উদ্যাপনেও দু’জনকে আলাদা আলাদা পৌঁছতে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় জল্পনা। কিন্তু রোহন ও অঙ্গনার দাবি, ফ্রেমে না থাকলেই সম্পর্ক ফিকে হয়ে যায় না। তাঁদের কথায়, একসঙ্গে থেকেও সব মুহূর্ত প্রকাশ্যে আনা প্রয়োজন মনে করেন না তাঁরা। কিছু অনুভূতি ব্যক্তিগত রাখতেই স্বচ্ছন্দ দু’জন।

আলোচনার মাঝেই সামনে আসে অন্য ছবি। জানা যায়, বিদেশ সফরের সময় কাছাকাছিই ছিলেন রোহন, শুধু ক্যামেরার সামনে আসেননি। একই ভাবে অনুষ্ঠানে আলাদা পৌঁছলেও শেষ পর্যন্ত সময় কাটিয়েছেন একসঙ্গেই। তাঁদের ব্যাখ্যা, আলাদা নিমন্ত্রণ থাকায় আলাদা করে যাওয়া, কিন্তু সম্পর্কের উষ্ণতায় কোনও ভাটা পড়েনি।
এই জল্পনার মধ্যেই আবার নতুন ব্যস্ততায় পা রাখতে চলেছেন অঙ্গনা। শিগগিরই সিকিমে শুরু হবে তার নতুন ধারাবাহিকের শুটিং। রহস্যঘেরা ভৌতিক গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাহাড়ি পরিবেশে অধিকাংশ শুটিং সেরে পরে শহরেও হবে কিছু অংশের কাজ। এই প্রকল্প ঘিরেও ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।
প্রেম, গুঞ্জন আর কাজের ব্যস্ততার ভিড়ে তাই স্পষ্ট একটাই বার্তা ক্যামেরার ফ্রেমে না থাকলেও সম্পর্কের বন্ধন অটুট রাখতেই স্বচ্ছন্দ এই জুটি।
পিআর/টিকে