© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীর সিং-এর উপরে কেন বিরক্ত প্রতিবেশীরা?

শেয়ার করুন:
রণবীর সিং-এর উপরে কেন বিরক্ত প্রতিবেশীরা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
তারকার জীবনে ঝলকানি যতটা উজ্জ্বল, নিরাপত্তার ছায়াটাও ততটাই গাঢ় সেই বাস্তবতারই নতুন উদাহরণ রণবীর সিংকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি। পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে গুলিকাণ্ডের ঘটনার পর হুমকিবার্তা পৌঁছেছে রণবীরের কাছেও। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ, আর তার পরপরই অভিনেতার আবাসনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এই অতিরিক্ত নিরাপত্তাই এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর প্রতিবেশীদের কাছে।

মুম্বইয়ের এক অভিজাত আবাসনে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে থাকেন রণবীর। সেখানে তাঁর সুরক্ষায় মোতায়েন করা হয়েছে একাধিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং একজন উর্দিধারী পুলিশ আধিকারিক। প্রত্যেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। এই দৃশ্যই নাকি আতঙ্ক আর বিরক্তির জন্ম দিয়েছে আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে। তাঁদের আশঙ্কা, আবাসনের ভেতরে যেখানে শিশুদের খেলার জায়গা, শরীরচর্চার কক্ষ বা করিডর সেখানে অস্ত্রধারী নিরাপত্তারক্ষীদের উপস্থিতি দৈনন্দিন স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলতে পারে।



এই উদ্বেগ থেকেই আবাসন কর্তৃপক্ষ থানায় লিখিতভাবে জানতে চেয়েছে, নিরাপত্তা বৃদ্ধি প্রশাসনের সিদ্ধান্ত কি না, নাকি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। পাশাপাশি অস্ত্র ব্যবহারের অনুমতি ও বৈধতার বিষয়েও স্পষ্টতা চাওয়া হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা দূর করতে ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে আবাসনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তারকার নিরাপত্তা আর সাধারণ বাসিন্দাদের স্বস্তি এই দুইয়ের টানাপোড়েনেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঝুঁকি এড়াতে কঠোর নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এক ছাদের নীচে বসবাসকারী অন্যদের মানসিক স্বস্তিও সমান গুরুত্বপূর্ণ এই ভারসাম্য খুঁজতেই এখন নজর সবার।

পিআর/টিকে

মন্তব্য করুন