এক বছরে দ্বিগুণ বেড়েছে অভিনেত্রী তিশার মোট সম্পদ
ছবি: সংগৃহীত
০৫:১০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তালিকায় দেখা যায়, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমলেও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করেছে।
তিশা ও ফারুকী
সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

অন্যদিকে, একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর মোট পরিসম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়। অর্থাৎ এক বছরে ফারুকীর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।
সম্পদের এই হিসাব প্রকাশ করা হয়েছে মাত্র একটি অর্থবছরের (জুলাই ২০২৪-জুন ২০২৫)।
প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদের পরিমাণ বেড়েছে। তবে ফারুকী ছাড়াও আরও দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
এসকে/এসএন