© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরফান সাজ্জাদ এবারও ভোট দেবেন না কেন?

শেয়ার করুন:
ইরফান সাজ্জাদ এবারও ভোট দেবেন না কেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে উৎসবের আবহ। ভবিষ্যৎ সরকারকে নিয়ে যেমন সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে, তেমনি মতামত জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

তবে অভিনেতা ইরফান সাজ্জাদ জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথা- যার কারণে এবারও ভোটকেন্দ্রে যাচ্ছেন না তিনি। ইরফানের ভোট চট্টগ্রাম-১০ আসনে।

বহু বছর আগে ভোটার হলেও এখন পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি তিনি। কারণ হিসেবে জানালেন এক তিক্ত অভিজ্ঞতার কথা।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা বলেন, ‘ভোটার হবার পর প্রথমবার খুব উৎসাহ নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে।

ঘটনাটা আমাকে ভীষণভাবে হতাশ করেছিল। এরপর থেকে আর কখনোই ভোট দিতে ইচ্ছে হয়নি।’

এবারও তিনি ভোট দেবেন না বলে জানিয়েছেন। বর্তমানে রাজধানীতে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনাও নেই তার।



ইরফান সাজ্জাদ বলেন, ‘একটা প্রতীককে জিতিয়ে তো আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। আমি যে প্রতীককেই ভোট দিই, সেটা যে দলেরই হোক না কেন যদি সে নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ না করে, আমাদের জন্য কাজ না করে তাহলে সেই ভোটের মূল্য কী? বিগত বছরগুলোতে তেমন কোনো পরিবর্তন দেখিনি।’

নতুন সরকারের কাছে প্রত্যাশা প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।

‘আমাদের খুব বেশি চাওয়া নেই। চাই নতুন সরকার জনগণের সরকার হোক, আপামর জনসাধারণের হোক।

জনগণের কাছাকাছি থাকুক, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করুক। ব্যস এতটুকুই। অবশ্যই অনুরোধ করতে চাই, সবচেয়ে বেশি যেটা জরুরি- প্রথমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হোক। চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনাগুলোর কারণে রাস্তাঘাটে বের হতে ভয় পায় মানুষ। একদিনেই হয়তো আইনশৃংখলা বাহিনীগুলোর অনেক বেশি উন্নতি হয়ে যাবে না, কিন্তু এটলিস্ট এই বিষয়গুলোকে গুরুত্ব দিক।’- যোগ করেন অভিনেতা।

এদিকে পেশাগত দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ইরফান সাজ্জাদ। বর্তমানে তিনি ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর শুটিং করছেন। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে আরও কয়েকটি কাজেও যুক্ত রয়েছেন এই অভিনেতা।

এসকে/এসএন

মন্তব্য করুন