ভালোবাসা দিবসে আসছে হিমির গান
ছবি: সংগৃহীত
০৯:১৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেত্রী হিসেবেই শোবিজে পরিচিত জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শক ভালোবাসায় নাটকের ভুবনে নিজের একটি শক্ত অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও হিমির আরও একটি পরিচয় রয়েছে। গত বছরই তিনি সংগীতশিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজেকে সামনে নিয়ে আসেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'তে তার গান প্রচার হওয়ার পরই শিল্পী হিসেবে আলোচনায় আসেন হিমি। এরপর থেকেই তার নতুন গানের অপেক্ষায় রয়েছেন ভক্ত-দর্শক।
তবে অভিনয়েই বেশি মনোযোগি এ শিল্পী এখনো শখের বসেই গান করে থাকেন বলে জানা। এদিকে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তার গাওয়া 'দুজন দুজনার' শিরোনামে আরও একটি গান। এতে হিমির সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন রাফি। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পুলক অধিকারী। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেকের ব্যানারে গানটি মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।

নতুন গান প্রসঙ্গে হিমি বলেন, 'প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিও চিত্রে আবার নিজেই অভিনয় করেছি, সব মিলিয়ে অপেক্ষার তর সইছে না।' অভিনেত্রী আরও বলেন, 'আমি ছোটবেলা থেকেই গান শিখেছি।
একটা সময় এমন হতো একাই একাই সারাক্ষণ গান গাইতাম। গাড়িতেও গান বাজিয়ে আমি জোরে জোরে গাইতে থাকি। তবে গানকে পেশা হিসাবে নিবো এটা কখনো ভাবিনি। অভিনয় আমি ভালোবাসি এটি নিয়েই থাকতে চেয়েছি। ইত্যাদি’র মাধ্যমে যখন গান নিয়ে সামনে আসি, এরপর থেকে গান নিয়ে কিছুটা সিরিয়াস হয়েছি। মাঝেমধ্যে হয়তো আমার গান আসবে, তবে নিয়মিত হবো কি না এটি আমার জানা নেই।'