© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'দ্যা ডিসেন্ট' এর ফ্যাক্টচেক / ঢাকায় বাস পোড়ানোর পুরোনো ভিডিওকে যশোরের ঘটনা বলে প্রচার

শেয়ার করুন:
ঢাকায় বাস পোড়ানোর পুরোনো ভিডিওকে যশোরের ঘটনা বলে প্রচার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে বাস পোড়ানোর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও দাবি করা হয়।

কিন্তু যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়। গতবছর ঢাকায় ঘটে যাওয়া দুটি ভিন্ন বাস পোড়ানোর ঘটনার ভিডিও যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এখানে দুটি বাস পোড়ার দৃশ্য রয়েছে। প্রথম বাসটির কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে এই ঘটনার অনেক সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। চ্যানেল আই নিউজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে গতবছরের ২৫ নভেম্বর রাজধানী ঢাকায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, “রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন লেগেছে। 

 সোমবার রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতা নাকি দুর্ঘটনা এখনো তা তদন্তাধীন।”

দ্বিতীয় বাসটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে সেটির ছবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে গতবছরের ১০ নভেম্বর। প্রতিবেদনটিতে বলা হয়েছে, “মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহণের দুটি ও রাজধানী পরিবহণের একটি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।”

অর্থাৎ, ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি সত্য নয়, এটি ঢাকার দুটি ভিন্ন বাস পোড়ানোর ঘটনার ভিডিও।

ইউটি....

মন্তব্য করুন