আজকের দিনটি অনেক প্রতীক্ষিত, কাজেই এটা যেন নস্যাৎ না হয়: সাকি
ছবি: সংগৃহীত
০২:০০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এ সময় তাৎক্ষণিক বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘আজকের দিনটি তো অনেক প্রতীক্ষিত দিন। কাজেই এটা যেন কোনোভাবে নস্যাৎ না হয়। আমরা অসংখ্য শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দিনটি পেয়েছি। অসংখ্য আহত যোদ্ধারা এখনো কাতরাচ্ছেন আজকের এই দিনে। আমাদের যে গণতান্ত্রিক যাত্রা সেটা একধাপ এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সব শহীদের প্রতি, মুক্তিযুদ্ধের সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
আমরা শ্রদ্ধা জানাই, যারা নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনে। এটা বিশেষভাবে মনে করা দরকার এই আন্দোলনের বিশেষ করে ভরসা ছিল, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।তিনি আজকের দিনটি দেখে যেতে পারেননি, কিন্তু তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
সাকি বলেন, ‘আমরা স্মরণ করি এই বাঞ্ছারামপুরে ও যারা শাহাদাত বরণ করেছেন। প্রত্যেকেই আমরা এখন পর্যন্ত দেখতে পারছি নানা আশঙ্কা সত্ত্বেও ভোটকেন্দ্রে আসছেন এবং আমি প্রথম ভোট দিলাম। এখানে এই ভোটকেন্দ্রে একটা শান্তিপূর্ণ অবস্থায় আছে।’ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘ইতিমধ্যে এখানে আরও কয়েকটা খবর পেয়েছি, শান্তিপূর্ণ অবস্থায় আছে এবং আমরা আশা রাখি এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, এই শান্তিপূর্ণ অবস্থা রাখার জন্য আমরা সবাই কাজ করব। আমরা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনেক লড়াই ও রক্তের বিনিময়ে আমরা এই ভোটের পরিবেশটা তৈরি করতে পেরেছি। প্রত্যেক প্রার্থীকেই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্রার্থীকেই বিবেচনা করতে হবে যে, জয় পরাজয় থাকবেই। কেউ বেশি ভোট পাবেন। কেউ কম ভোট পাবেন। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, কেউ ভোট বেশি পেলে হয়তো তারা দায়িত্ব পান। কিন্তু যারা ভোট কম পান তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কাজেই যে, বিজয়ী হোক না কেন, আমরা সবাই মিলে বাংলাদেশটা গড়ে তুলার যে সুযোগ তৈরি করে দেয়া হয়েছে, সে সুযোগটা আমরা কাজে লাগাবো।’
সাকি বলেন, ‘বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্র মেরামত, সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি, সেটা আমরা সফল হবো। সেই সাফল্যের ওপর নির্ভর করছে আমরা শহীদদের রক্তের প্রতি আমাদের যে অঙ্গিকার সেটা আমরা কতটা রক্ষা করেছি।’
এ সময় তার সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি গণসংগতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/টিএ