ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি না থাকায় ব্যারিস্টার আরমানের উদ্বেগ
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সব কটিতে সিসি ক্যামেরা না থাকা বড় উদ্বেগের বিষয়। তবে ভোটগ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর আহমাদ এসব কথা বলেন।
মীর আহমাদ বলেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেছে।
বিশেষ করে নারী ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে।
মীর আহমাদের দাবি করেছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ক্যামেরা স্থাপনের কথা থাকলেও, স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে সিটি করপোরেশনের কর্মীরা কিছু স্থানে ক্যামেরা না বসিয়েই ফিরে গেছেন। পাশাপাশি কিছু এলাকায় নির্বাচন পর্যবেক্ষক ও জামায়াতের সমর্থকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। তবে মীর আহমাদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তাঁর মতে, নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
এদিকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া বা না নেওয়া প্রসঙ্গে মীর আহমাদে বলেন, ‘নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা নির্ভর করবে ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর। সিসিটিভি কভারেজ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না করা এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যেকোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে।’
গত রাতের কিছু বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে উল্লেখ করে মীর আহমাদ গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
আরআই/টিকে