নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৯ শতাংশ ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
০৪:২৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের বেশির ভাগই ব্যবসায়ী। ৮৩ শতাংশ উচ্চশিক্ষিত। ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।
নির্বাচনে গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)। ফলে বিশ্লেষণ করা গেছে ২৯৭ জন প্রার্থীর তথ্য।
নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য নেয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেয়া তাদের হলফনামা থেকে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেয়া বাধ্যতামূলক করা হয়। এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয়, সম্পদসহ ১০ ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জয়ী ২৯৭ জন প্রার্থীর মধ্যে ২১৬ জনের অর্থাৎ ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। ৬০ বছরের বেশি বয়সী ১৪৫ জন। বিএনপির ২০৯ জনের মধ্যে ২১ জনের বয়স ৫০–এর নিচে। ৭০ বছর বা তার বেশি বয়সী ৪৭ জন। অন্যরা ৫১ থেকে ৬৯ বছর বয়সী।
বিএনপির মধ্যে সবচেয়ে প্রবীণ হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান। এবার মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৮৫ বছর ১১ মাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন। আরও রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মুহাম্মদ ওসমান ফারুক (৮৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচিত আলতাফ হোসেন চৌধুরী (৮২) এবং সাবেক পানিসম্পদমন্ত্রী ও ভোলা-৩ আসন থেকে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (৮১)।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বয়স ৫৭ বছর। তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দলটির সবচেয়ে কম বয়সী জয়ী প্রার্থী হলেন গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার। তাঁর বয়স ৩৫ বছর।
জামায়াতের ১৯ জনের বয়স ৫০-এর নিচে। ৭ জনের বয়স ৭০ বা তার বেশি। অন্যদের বয়স ৫১ থেকে ৬৯-এর মধ্যে। জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হলেন এ টি এম আজহারুল ইসলাম (৭৩)। তিনি রংপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধা-৫ আসনের আব্দুল ওয়ারেছের বয়সও ৭৩ বছর। দলটির সবচেয়ে কম বয়সী প্রার্থী হলেন কুষ্টিয়া-৩ আসনের আমির হামজা। তার বয়স ৩৩ বছর। জামায়াতের আমির শফিকুর রহমানের বয়স ৬৭ বছর।
এনসিপির ছয়জনই তরুণ। ৫ জনের বয়স ৩০-এর মধ্যে। একজনের বয়স ৩৩ (কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মুজাহিদ)। নির্বাচিত সংসদ সদস্যদের সবচেয়ে কম বয়সী এনসিপির আবদুল হান্নান মাসউদ (২৫)। তিনি নোয়াখালী-৬ থেকে জয়ী হয়েছেন। এনসিপির আহ্বায়ন নাহিদ ইসলামের বয়স ২৭ বছর। তিনি ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন।
৩০ বছরের নিচে বিএনপি ও জামায়াতে ইসলামীর কেউ নেই। এনসিপির বাইরে ৩০ বছরের কম বয়সী একজন রয়েছেন। তিনি মাদারীপুর-১ আসন থেকে জয়ী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
টিকে/