দীপাবলিতে ‘রামায়ণ’ নিয়ে আসছেন রণবীর
ছবি: সংগৃহীত
০৮:৪৩ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড তারকা রণবীর কাপুর অবশেষে নিজের পরবর্তী বড় পর্দার ছবির ঘোষণা দিলেন। বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যভিত্তিক ছবি রামায়ণ-কেই তিনি বেছে নিয়েছেন আগামী মুক্তির জন্য। উৎসবের আবহে দীপাবলির সময় ছবিটি প্রেক্ষাগৃহে আসবে-এই খবর জানাতেই ভক্তদের উচ্ছ্বাস যেন নতুন করে জেগে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি আলাপচারিতায় নিজের আসন্ন কাজ নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা, আর সেখানেই মিলেছে এই বড় আপডেট।
বড় বাজেট, বিশাল আয়োজন আর দীর্ঘ প্রস্তুতির কারণে তাঁর ছবিগুলোর সময়সূচি প্রায়ই পিছিয়ে যায়-এ কথাও স্বীকার করেছেন রণবীর। তবে এবার তিনি আশ্বস্ত করেছেন, পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে রামায়ণ। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবরও দিয়েছেন তিনি। বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত ছবি লাভ অ্যান্ড ওয়ার আপাতত পিছিয়ে গেছে। যেখানে তাঁর সঙ্গে দেখা যাওয়ার কথা আলিয়া ভাট ও ভিকি কৌশলকে, সেই ছবির মুক্তির সময় এখন রামায়ণের পর নির্ধারিত হচ্ছে। ফলে বলিউডের ক্যালেন্ডারে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

শুধু এখানেই শেষ নয়, ভক্তদের জন্য আরও ইঙ্গিত রেখেছেন অভিনেতা। বহু প্রতীক্ষিত ব্রহ্মাস্ত্র ২ প্রত্যাশার চেয়েও দ্রুত কাজ শুরু করতে পারে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে অ্যানিমাল পার্ক ছবির শুটিং আগামী বছরের মাঝামাঝি শুরু হওয়ার কথাও নিশ্চিত করেছেন। এমনকি সুযোগ এলে রকস্টার ২-এ জর্ডান চরিত্রে ফিরতেও তাঁর আপত্তি নেই-যদি নির্মাতা ইমতিয়াজ আলি শক্ত গল্প নিয়ে হাজির হন। একের পর এক বড় প্রকল্পে যুক্ত হয়ে রণবীর কাপুরের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় যে জাঁকজমকপূর্ণ হতে চলেছে, সে আভাস এখনই স্পষ্ট।
আরআই/টিকে