‘খামোশ’ সংলাপ নিয়ে আদালতে শত্রুঘ্ন সিনহা!
ছবি: সংগৃহীত
০৬:৫৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা ভারতীয় চলচ্চিত্রের এক পরিচিত কণ্ঠস্বর ও সংলাপের নাম। তার গুরুগম্ভীর ভঙ্গিতে বলা ‘খামোশ’ শব্দটি বহু বছর ধরেই দর্শকদের মুখে মুখে ফিরছে। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত বিশ্বনাথ সিনেমায় উচ্চারিত এই সংলাপ সময়ের পরিক্রমায় এক ধরনের সাংস্কৃতিক চিহ্নে পরিণত হয়েছে।
গল্প–আড্ডা থেকে শুরু করে সিনেমা ও ধারাবাহিক বিভিন্ন মাধ্যমে আজও শোনা যায় সেই বহুল আলোচিত সংলাপ। তবে বিনা অনুমতিতে এই শব্দ ও সংশ্লিষ্ট কণ্ঠস্বর ব্যবহারে আপত্তি জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা। অভিযোগ করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, যাতে তার অনুমতি ছাড়া কেউ এই সংলাপ কিংবা তার কণ্ঠ ও ছবি ব্যবহার করতে না পারে।

সোমবার বিষয়টি নিয়ে বম্বে হাইকোর্ট–এ মামলা দায়ের করা হয়। শত্রুঘ্ন সিনহার পক্ষে মামলাটি করেছেন তার ছেলে লাভ সিনহা। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তার সংলাপ, ছবি ও কণ্ঠস্বর নিয়মিত ব্যবহার করা হচ্ছে এবং এসব কনটেন্ট থেকে বাণিজ্যিক লাভও করা হচ্ছে, অথচ কোথাও তার অনুমতি নেওয়া হয়নি।
মামলায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, এক্স ও গুগল–এর পাশাপাশি ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ বিভাগের নামও উল্লেখ করা হয়েছে। শত্রুঘ্ন সিনহার আবেদন, তার অনুমতি ছাড়া ‘খামোশ’ শব্দের ব্যবহার বন্ধে আদালত প্রয়োজনীয় নির্দেশনা দিক। একই সঙ্গে তিনি প্রায় ২০ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছেন।
এমকে/টিএ