© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!

শেয়ার করুন:
শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। প্রয়োজন হলে শনিবার থেকেই হামলা শুরু করা সম্ভব জানিয়েছে পেন্টাগন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। ঝুঁকি, সম্ভাব্য পাল্টা আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে হোয়াইট হাউসে চলছে নিবিড় পর্যালোচনা।

প্রশাসনের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, আলোচনা এখনো চলমান। সামরিক প্রস্তুতি থাকলেও তাৎক্ষণিক হামলার নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।

সম্ভাব্য অভিযানের আগে মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কূটনৈতিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

পেন্টাগনের কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় এটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে এ ধরনের পুনর্বিন্যাস সামরিক প্রস্তুতির অংশ- এটি হামলার অবশ্যম্ভাবিতা নির্দেশ করে না।

এদিকে অঞ্চলে শক্তি প্রদর্শন জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

দ্বিতীয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফোর্ড পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। মার্চের মধ্যভাগের মধ্যে মোতায়েনকৃত সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে নানা যুক্তি থাকলেও কূটনীতিই প্রেসিডেন্টের প্রথম পছন্দ। তিনি দাবি করেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ মিলেছিল।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। সূত্র বলছে, গত ডিসেম্বরে ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে ইসরায়েলি পদক্ষেপে সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক মাধ্যমে মার্কিন রণতরী ফোর্ডকে সমুদ্রের তলদেশে দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত ছবি প্রকাশ করেছেন। বার্তায় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক অস্ত্র ইরানের হাতে রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন