চীনা রোবটকে নিজেদের দাবি / এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। বিতর্কের জেরে সম্মেলন থেকে ওই বিশ্ববিদ্যালয়কে বহিষ্কার করা হয়েছে। দুই সরকারি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এপি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ নামে এআই সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতাসহ বিশ্বের ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই সম্মেলন এআই বিষয়ক চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে চীনের নির্মিত একটি রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করে ভারতের উত্তর প্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। নেহা সিং নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজে একটি সাক্ষাৎকারে জানান, ওরিয়ন নামের রোবটটি গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সেলেন্সের তৈরি।
কিন্তু এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দ্রুতই তা সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা খুব সহজেই শনাক্ত করতে পারে রোবটটিকে। বিতর্কের জেরে প্রথমে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয় বহিষ্কারাদেশ।
এরপর গ্যালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক বলেন, ‘আমরা এমন কিছু দাবি করিনি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি; শুধু বলেছি এই রোবটের ওপর আমাদের বিনিয়োগ রয়েছে।’
পরে অবশ্য ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে ক্ষমা প্রকাশ করে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। তারা দাবি করে, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না ওই অধ্যাপক।
রোবট কুকুরটি মূলত চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। যার নাম ইউনিট্রি গো-টু। অনলাইনে প্রায় আড়াই হাজার ডলারে বিক্রি হয় এটি। যার ব্যবহার গবেষণা ও শিক্ষা খাতে বিস্তৃত।
টিজে/টিএ