ইরানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র মহড়া, সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
০৬:৫৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ক্ষেপণাস্ত্র মহড়ার কারণে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলটদের জন্য এক অস্বাভাবিক নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করে জানায়, আগামীকাল নির্ধারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়ার কারণে আকাশসীমার বিস্তীর্ণ এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। ইরানের এমন পদক্ষেপে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ইরানের জারি করা নোটিশে কয়েকটি ‘ডেঞ্জার জোন’ চিহ্নিত করা হয়েছে, যেখানে সামরিক কার্যক্রমের কারণে সব ধরনের উড়োজাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ইরানের এ ঘোষণার পর আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক সংস্থা ইতিমধ্যে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন শুরু করেছে।
পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সংস্থাটি বেসামরিক বিমান অপারেটরদের ওই এলাকা বা তার আশপাশ দিয়ে উড়ার ক্ষেত্রে ‘উচ্চ মাত্রার সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, সমন্বয়হীন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বেসামরিক ফ্লাইটপথের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমানে আকাশসীমা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ মূলত ইরানের আইআরজিসি-এর শক্তি প্রদর্শনের অংশ।
এদিকে উত্তেজনা আরো বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পর।
তিনি বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি এলে তা মোকাবেলায় তিনি নৌ সহায়তা কেন্দ্র দিয়েগো গার্সিয়া ঘাঁটি ও সেখানে মোতায়েন কৌশলগত বোমারু বিমান ব্যবহারে দ্বিধা করবেন না।
এমআর/টিএ