উয়েফার কাছে এবার রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে বেনফিকার অভিযোগ
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা–উয়েফার কাছে অভিযোগ দায়ের করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে তার ‘সহিংস আচরণ’-এর অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে লিসবনের ক্লাবটি।
গত মঙ্গলবার এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তবে ম্যাচের ফলের চেয়ে আলোচনায় বেশি এসেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বর্ণবাদ সংক্রান্ত অভিযোগ।

ওই ঘটনার পর ম্যাচের ৮৩তম মিনিটে আবার বেনফিকার ডিফেন্ডার স্যামুয়েলের সঙ্গে ভালভার্দের সংঘর্ষ হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, উরুগুইয়ান এই মিডফিল্ডার প্রতিপক্ষের মাথার পেছনে আঘাত করেছেন বলে মনে হচ্ছে। তবে রেফারি কেবল বেনফিকাকে ফ্রি-কিক দেন; ভালভার্দেকে কোনো হলুদ বা লাল কার্ড দেখানো হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও হস্তক্ষেপ করেননি।
উয়েফা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে যে ঘটনাটি নিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছে তারা। বিষয়টি এখন সংস্থাটির শৃঙ্খলা বিভাগ পর্যালোচনা করবে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
তার আগে ম্যাচটিতে বড় বিতর্ক তৈরি হয়েছিল ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদ অভিযোগকে ঘিরে। যা নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। রিয়াল ফরোয়ার্ড দাবি করেন, বেনফিকার তরুণ খেলোয়াড় জিয়ানলুকা প্রেসতিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন, যার জেরে দ্বিতীয়ার্ধে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। তবে প্রেস্তিয়ান্নি ও বেনফিকা অভিযোগটি অস্বীকার করেছে।
রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পেও জানিয়েছেন, তিনি সতীর্থ ভিনিসিউসকে উদ্দেশ্য করে অন্তত পাঁচবার ‘বানর’ বলতে শুনেছেন। পরে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, তাদের কাছে থাকা সব প্রমাণ উয়েফার কাছে পাঠানো হয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা অভিযোগ তদন্তে একজন শৃঙ্খলা পরিদর্শকও নিয়োগ করেছে।
দুই দল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে। মাঠের লড়াইয়ের পাশাপাশি শৃঙ্খলাজনিত এই দুই অভিযোগের রায়ও এখন আলোচনার কেন্দ্রে।
এমআর/টিকে