© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্য হান্ড্রেড / ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

শেয়ার করুন:
ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কম তুলকালাম হয়নি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ ফিজ এবার নাম লেখালেন ইংলিশ লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে।

দল পেলে এবারই প্রথম ইংল্যান্ডের এই ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে মুস্তাফিজকে। দেশটির আরেকটি লিগ ভাইটালিটি ব্লাস্টে তিনি এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন। বাংলাদেশ থেকে মুস্তাফিজ হান্ড্রেডের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এর বাইরে আর কারও নাম থাকার কথা তারা উল্লেখ করেনি।

যদিও বিবিসি’র দেওয়া ‘দ্য হান্ড্রেড’-এর পুরো তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম রয়েছে। সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন ফিজ। এ ছাড়া ৭৫ হাজার পাউন্ডের তালিকায় রিশাদ হোসেন; ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে আছেন- নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়।

এ ছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও নাম দিয়েছেন মোট ৭১০ জনের এই তালিকায়। তাদের ভিত্তিমূল্যও ৩১ হাজার পাউন্ড। এর আগে ড্রাফট পদ্ধতিতে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় দলে নিতো। আসন্ন ষষ্ঠ আসরের আগে তারা নিলাম পদ্ধতি চালু করেছে। আগামী ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে হান্ড্রেডের। ১১ মার্চ হবে মেয়েদের প্রতিযোগিতার নিলাম।

ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার দ্য হান্ড্রেডে নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।’

টিকে/

মন্তব্য করুন