মাত্র ২৫ বছরে থেমে অভিনেত্রী যায় জিয়ার জীবন!
ছবি: সংগৃহীত
০৮:২৮ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে অল্প সময়ের উপস্থিতিতেও কিছু তারকা হৃদয়ে গভীর ছাপ রেখে যান, ঠিক তেমনি এক অভিনেত্রী জিয়া খান। কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। স্বল্প সময়ে তার সুনিপুণ অভিনয় দিয়ে নজর কাড়লেও মাত্র ২৫ বছর বয়সে আকস্মিক মৃত্যুতে থেমে যায় তার জীবনপ্রদীপ ও বর্ণাঢ্য ক্যারিয়ার।
১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারি তার জন্ম। বেঁচে থাকলে এ বছর তার বয়স হতো ৩৮। নিউইয়র্কে জন্ম নেয়া জিয়ার আসল নাম ছিল নাফিসা রিজভি খান।
লন্ডনে বেড়ে ওঠা জিয়া ছোটবেলা থেকেই অভিনেত্রী ও গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ করতেই তিনি পাড়ি জমান মুম্বাইয়ে।
২০০৭ সালে পরিচালক রাম গোপাল ভার্মার ছবি ‘নিঃশব্দ’ এ অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। ছবিটি বিতর্ক তৈরি করলেও জিয়ার আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে আলাদা করে নজরে আনে। প্রথম ছবিতেই তিনি ‘ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ’ মনোনয়নে জায়গা করে নেন।
এরপর ২০০৮ সালে আমির খানের বহুল জনপ্রিয় ছবি ‘গাজিনী’ তে অভিনয় করেন জিয়া। ছবিটি সে সময়ের অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে ওঠে এবং তার জনপ্রিয়তাও বাড়িয়ে দেয় বহুগুণ। সর্বশেষ তাকে দেখা যায়, ২০১০ সালের সাজিদ খানের কমেডি ছবি ‘হাউসফুল’ এ, যেখানে গ্ল্যামার ও কমেডির মিশেলে তার অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরেন।

অল্প দিনের ক্যারিয়ারে জিয়ার প্রতিটি অভিনয়ে ছিল আলাদা ঝলক যা দর্শকদের মনে থেকে গেছে। তবে সাফল্যের আড়ালে জিয়া এক নিঃশব্দ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই অভিনেত্রী।
জানা যায়, অভিনেতা সুরাজ পাঞ্চোলির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন জিয়া খান। তার মৃত্যুর কারণ হিসাবে সুরাজের দিকে আঙুল ওঠে। আইনি জটে জড়িয়েছিলেন তার এই কথিত প্রেমিক।
তার এই আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দেয় পুরো বলিউডকে। জিয়া খানের সাহসী অভিষেক, সাফল্য আর হঠাৎ থেমে যাওয়া এক তরুণ জীবনের গল্প আজও নাড়া দেয় দর্শককে।
পিআর/টিকে