পানামায় এক হাজার বছরেরও বেশি পুরোনো সমাধির সন্ধান
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
পানামায় এক হাজার বছরেরও বেশি পুরনো একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সমাধিটির ভেতরে মানবদেহের কঙ্কালাবশেষের পাশাপাশি স্বর্ণ ও মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা।
এই আবিষ্কারটি হয়েছে এল ক্যানো প্রত্নতাত্ত্বিক এলাকায়, যা নাতা জেলার অন্তর্গত এবং রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রধান গবেষক ও প্রত্নতাত্ত্বিক জুলিয়া মায়ো জানান, সমাধিটি খ্রিস্টাব্দ ৮০০ থেকে ১০০০ সালের মধ্যে নির্মিত। কঙ্কালাবশেষের চারপাশে স্বর্ণালঙ্কার ও ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত মৃৎপাত্র পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে- এটি উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সমাধি।
তার ভাষায়, যার দেহের সঙ্গে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে, তিনিই ছিলেন দলটির সর্বোচ্চ সামাজিক মর্যাদার ব্যক্তি।
ওই দেহাবশেষের সঙ্গে দুটি ব্রেসলেট, দুটি কানের দুল এবং বাদুড় ও কুমিরের নকশা করা বুকের অলংকার (পেক্টোরাল জুয়েলারি) পাওয়া গেছে।এল কানো প্রত্নতাত্ত্বিক স্থানটি পানামার মধ্যাঞ্চলে ৮ম থেকে ১১শ শতকের মধ্যে বসবাসকারী সমাজগুলোর সঙ্গে সম্পর্কিত। গবেষকদের মতে, প্রায় ২০০ বছর ধরে এই স্থানটি ছিল সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত।
এর আগে এখান থেকে একই ধরনের আরও নয়টি সমাধি আবিষ্কৃত হয়েছে।
পানামার সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই আবিষ্কার পানামার প্রত্নতত্ত্ব এবং মধ্য আমেরিকার প্রাক-হিস্পানিক সমাজ নিয়ে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, এসব সমাধি প্রমাণ করে যে সেই সময়কার সমাজে মৃত্যু ছিল এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তর-যেখানে মৃত্যুর পরও সামাজিক মর্যাদা গুরুত্বপূর্ণ ছিল।
সূত্র: এএফপি
এমআর/টিকে