উদয়পুরে রওনা বিজয়-রাশ্মিকা, মাঝপথে প্রাক্তনকে ঘিরে বিতর্ক!
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী তারকাজগতে জোর গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি চার হাত এক হতে চলেছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা-র। যদিও এই সম্পর্ক বা বিয়ের বিষয়ে প্রকাশ্যে কেউই সিলমোহর দেননি, তবু দিন যত এগোচ্ছে, জল্পনা ততই ঘনীভূত হচ্ছে। সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাঁদের। শোনা যাচ্ছে, রাজকীয় আয়োজনের জন্যই উদয়পুরের উদ্দেশে রওনা দিয়েছেন এই তারকাযুগল।
আনন্দঘন এই আবহের মাঝেই হঠাৎ সামনে এসেছে অতীতের এক অধ্যায়। রশ্মিকার প্রাক্তন, কন্নড় অভিনেতা ও প্রযোজক রক্ষিত শেট্টী-র ঘনিষ্ঠ বন্ধু প্রমোদ শেট্টী সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন, যা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
২০১৬ সালে কিরিক পার্টি ছবির মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু রশ্মিকার। ছবিটির প্রযোজক ছিলেন রক্ষিত। সেই ছবির সেট থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। ২০১৭ সালে বাগদানও সম্পন্ন হয়। কিন্তু এক বছরের মধ্যেই সেই সম্পর্কে ভাঙন ধরে। ২০১৮ সালে আলাদা হয়ে যান দু’জনে। বিচ্ছেদের পরেও প্রকাশ্যে কখনও একে অপরের বিরুদ্ধে তিক্ত মন্তব্য করতে দেখা যায়নি তাঁদের।

এরপরই বিজয়ের সঙ্গে রশ্মিকার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে নানা জল্পনা চলার পর এবার সেই সম্পর্ক বিয়েতে গড়াতে পারে বলেই শোনা যাচ্ছে।
এই আবহেই প্রমোদ শেট্টী মন্তব্য করেন, তাঁকে নাকি বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পেলে যেতেন বলেও জানান তিনি। একই সঙ্গে কটাক্ষ করে বলেন, কেউ যেন এটা না ভাবে যে রক্ষিত শেট্টী দুঃখে ভেঙে পড়ে অপরাধবোধে ভুগছেন। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্কের আগুন জ্বলে ওঠে।
সমাজমাধ্যমে অনেকেই প্রমোদের মন্তব্যকে নিম্নরুচির বলে আখ্যা দিয়েছেন। অনুরাগীদের একাংশের মতে, রশ্মিকার জীবনের নতুন অধ্যায়ের প্রাক্কালে এমন মন্তব্য অনভিপ্রেত। অনেকেই সরব হয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। আনন্দের মুহূর্তে অতীত টেনে আনা কতটা শোভন, তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন নেটাগরিকেরা।
এমকে/টিএ