লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ
ছবি: সংগৃহীত
১০:১৩ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে একটি ‘প্রাকৃতিক মহৌষধ’ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন সকালে খালি পেটে নির্দিষ্ট পরিমাণে কচি নিম পাতা খেলে শরীরের অসংখ্য উপকার হয়।
আয়ুর্বেদিক বিশেষজ্ঞ গৌরব কুমার জানান, নিম অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এর প্রাকৃতিক যৌগগুলো শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এই কারণেই গ্রামীণ এলাকার মানুষের মধ্যে এখনও ঋতু পরিবর্তনের সময় নিম পাতা চিবানোর অভ্যাস দেখা যায়।
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গৌরব কুমারের মতে, নিম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত এবং পরিমিত পরিমাণে নিম পাতা সেবন ভাইরাল সংক্রমণের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়।
২. রক্ত পরিশোধন ও ত্বকের সুরক্ষা
নিমকে চমৎকার রক্ত পরিশোধক হিসেবে বিবেচনা করা হয়। সকালে খালি পেটে ৪-৫টি কচি পাতা চিবিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ (টক্সিন) বের হয়ে যায়। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ ও ফোঁড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৩. হজম প্রক্রিয়ায় সহায়তা
নিম পাতা হজমের উন্নতিতেও অত্যন্ত সহায়ক। এটি গ্যাস, বদহজম এবং পেটের কৃমি দূর করতে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
সতর্কতা
নিম প্রাকৃতিক ঔষধি হলেও এর অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে। গর্ভবতী মহিলা, শিশু এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম পাতা খাওয়া উচিত নয়। অতিরিক্ত তিক্ততার কারণে বেশি পরিমাণে সেবন করলে বমি ভাব বা পেটে ব্যথা হতে পারে।
পিআর/টিকে