চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান!
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
চার দশকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এক ফ্রেমে ফিরছেন দক্ষিণের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। শেষবার তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৫ সালে, গিরফতার ছবিতে। তারপর কেটে গিয়েছে চল্লিশ বছর। অবশেষে নতুন এক প্রযোজনায় তাঁদের যুগল উপস্থিতির ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা।
ছবির অন্তর্বর্তী নাম রাখা হয়েছে ‘কেএইচএক্সআরকে’। পরিচালনায় রয়েছেন ‘জেলার’ খ্যাত নেলসন দিলীপ কুমার, সুরকার হিসেবে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতিমধ্যেই প্রকাশিত ঝলকে মিলেছে চমকের পর চমক। রেট্রো আবহে ধরা দিয়েছেন দুই তারকা। প্রথমে দেখা যায় পরিচালক ও সুরকারকে। সুরের ধারা নিয়ে দোটানায় অনিরুদ্ধ, আর তা ভুল বুঝে নায়িকা নির্বাচন নিয়ে রসিকতা করেন নেলসন। দুই আঙুলের একটিকে বেছে নেওয়ার খেলা থেকে শুরু হয় মজার মোড়। তারপরই আবহ বদলে যায়।

গ্যারেজের ভেতর দিয়ে হেঁটে আসেন রজনীকান্ত ও কমল হাসান। চারপাশে ঝলমলে পরিবেশ, দৃষ্টি কাড়ে তাঁদের উপস্থিতি। একটি গাড়িতে বসেন দু’জন। চালকের আসনে কমল। পিছনে জায়গা নেন নেলসন ও অনিরুদ্ধ। সুর নিয়ে আলোচনা শুরু হতেই কমলের স্পষ্ট প্রশ্ন, আগে বলুন ছবির নায়ক কে। একই প্রশ্ন তোলেন রজনীকান্তও। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, ছবিটি শুধু দুই তারকার মিলন নয়, বরং দুই কিংবদন্তির সমান গুরুত্বের লড়াইও হতে চলেছে।
প্রসঙ্গত, সত্তর ও আশির দশকে একাধিক তামিল ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে অপূর্ব রাগাঙ্গাল, মুন্দ্রু মুদিচু, আভারগাল। ১৯৭৯ সালের আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম ছিল তাঁদের শেষ পূর্ণাঙ্গ যুগল ছবি। পরে থিল্লু মুল্লু ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কমলকে। আর হিন্দি ভাষায় গিরফতার-এই শেষবার বড়পর্দায় একসঙ্গে দেখা যায় তাঁদের।
নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত প্রকল্পের নামেই চলছে আলোচনা। তবে প্রোমো প্রকাশের পর থেকেই স্পষ্ট, দক্ষিণী সিনেমার ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের অপেক্ষা শুরু হয়ে গেছে।
পিআর/টিকে