চাঁদাবাজদের স্থান হবে জেলখানায় : এমপি নয়ন
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা-৪ আসনের এমপি ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, মানুষ উন্নয়নে শান্তি খুঁজে পায়নি। বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে এখন নিরাপত্তার সঙ্গে শান্তিতে ঘরে ঘুমাতে চায়। সুতরাং যার যার জায়গা থেকে সবাই ভালো হয়ে যান। গাঁজাখোর, ভাড়াটিয়া ক্যাডার ও চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন নির্বাচন পরবর্তী ভোটার, ব্যবসায়ীদের সঙ্গে পৃথক পৃথক স্থানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আমাকে কে ভোট দিয়েছে, কে দেয়নি তার আর ভেদাভেদ ভোলা -৪ আসনে থাকবে না। এখন থেকে সবাই আমার তথা ধানের শীষের লোক। কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি এই আসনে চলবে না।
নিজ দলের নেতাকর্মী ও নির্বাচন পরিচালার দায়িত্বে থাকা সমন্বয়কদের কষ্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নয়ন বলেন, বিএনপির জনপ্রিয়তা বাড়াতে জনগণের ক্ষতি হবে এমন কোনো কাজ করা যাবে না। আশপাশের মানুষের সঙ্গে সহার্ধপূর্ণ আচরণের মধ্যে দিয়ে আপনারও ভবিষ্যৎ ফুটে উঠবে। তাই ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করবেন।
ধনাঢ্য ব্যক্তিদের উদ্দেশে চরফ্যাশনের এমপি বলেন, অসহায়ত্ব দূর করতে আপনার আশপাশের ৪০ ঘর পর্যন্ত মানুষ খেয়ে আছে নাকি খায়নি খোঁজ-খবর নিবেন।
নৈতিকতার পরিচয় দিবেন, সবকিছু সরকারের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, যে বার্তা নিয়ে ভোট চেয়েছি, মানুষ আমাদের ভোট দিয়েছে, সেগুলোই এখন শুধু বাস্তবায়ন হবে, অন্যায়-অবিচার চলবে না। একটি মানবিক, সাম্য সমাজ প্রতিটি পাড়া-মহল্লায় গড়ে তোলা হবে।
কেএন/টিএ