দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বাণিজ্য জোরদারে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার তিনি ইসরায়েল সফরে যাবেন বলে রোববার নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসছেন; তিনি নেসেটে ভাষণ দেবেন এবং আমি নিশ্চিত, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।’’ এ সময় তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে ঘনিষ্ঠ হয়ে উঠছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সম্পর্কের বুনন আরও শক্ত হয়েছে, আর (মোদি) এখানে আসছেন যেন আমরা সেটিকে আরও মজবুত করতে পারি।’’
ভারত-ইসরায়েলের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। এর আগে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। তার পরের বছর ভারত সফর করেন নেতানিয়াহু।
মোদির সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, সহযোগিতার আরেকটি বিশেষ ক্ষেত্রের কথাও আমি উল্লেখ করতে চাই। আমরা উভয় দেশের হাই-টেক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহযোগিতা জোরদার করবো।
আগামী বুধবার বিকেল সাড়ে ৪টায় নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ ছাড়া দুই নেতা একসঙ্গে ইয়াদ ভাশেম পরিদর্শন করবেন এবং জেরুজালেমে একটি উদ্ভাবনবিষয়ক সেমিনারে অংশ নেবেন।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের চারপাশে বা ভেতরে এক ধরনের পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলবে। নতুন একটি জোট গড়ে তোলার আভাস দেন নেতানিয়াহু। এই জোটে ভারত, গ্রিস, সাইপ্রাস এবং কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় দেশ থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য এসব দেশকে নিয়ে এমন একটি বলয় তৈরি করা, যারা উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিপরীতে বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্যগুলোকে একইভাবে দেখে।
নেতানিয়াহু বলেন, উগ্রপন্থী শিয়া গোষ্ঠী; যাদের আমরা খুব কঠোরভাবে আঘাত করেছি এবং একই সঙ্গে উদীয়মান উগ্র সুন্নি গোষ্ঠী-এই দুইয়ের বিপরীতেই আমাদের নতুন উদ্যোগ। এসব দেশ ভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করে আর আমাদের মধ্যে সহযোগিতা অত্যন্ত বড় ফল দিতে পারে। এর মধ্য দিয়ে আমাদের শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত হবে।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল।
আরআই/টিকে