© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন পণ্য ঘোষণায় প্রচলিত ধারার বাইরে যেতে পারে অ্যাপল!

শেয়ার করুন:
নতুন পণ্য ঘোষণায় প্রচলিত ধারার বাইরে যেতে পারে অ্যাপল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন পণ্য ঘোষণায় প্রচলিত ধারার বাইরে যেতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ৪ মার্চ ‘স্পেশাল অ্যাপল এক্সপেরিয়েন্স’-এ অংশ নিতে প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবারের আয়োজন প্রচলিত একক কি-নোট অনুষ্ঠানের মতো নাও হতে পারে।

জানা গেছে, একদিনে সব ঘোষণা না করে তিন দিনজুড়ে ধারাবাহিকভাবে নতুন পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল। অনলাইনে এসব ঘোষণা আসবে। এরপর ৪ মার্চ নিউইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ে সরাসরি আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের হাতে-কলমে পণ্য ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।

এ ধরনের আয়োজনকে ‘হ্যান্ডস-অন’ অভিজ্ঞতা বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এটি হতে পারে সরাসরি ডেমো প্রদর্শনের একটি বিশেষ আয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় অন্তত পাঁচটি নতুন পণ্য উন্মোচন করতে পারে অ্যাপল। আলোচনায় রয়েছে স্বল্পমূল্যের একটি ম্যাকবুক। পাশাপাশি আসতে পারে আইফোন ১৭ই, এম৪ চিপসংবলিত আইপ্যাড এয়ার, নতুন এন্ট্রি-লেভেল আইপ্যাড এবং আপগ্রেড সংস্করণের ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো।

যদিও এসব পণ্য বসন্তেই আসার কথা, ঠিক কোনটি কবে ঘোষণা হবে- তা নিয়ে এখনো স্পষ্ট নয়। তবে প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন, মার্চের শুরুতেই একাধিক চমক নিয়ে হাজির হবে অ্যাপল।

প্রচলিত মঞ্চভিত্তিক কি-নোটের বদলে যদি ধাপেধাপে ঘোষণা আসে, তাহলে তা অ্যাপলের কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। এতে পণ্যের প্রতি আগ্রহ কয়েক দিন ধরে ধরে রাখা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরআই/টিকে

মন্তব্য করুন